ভবিষ্যৎ স্তম্ভ হিসেবে বড় প্রত্যাশা নিয়ে রিয়াল মাদ্রিদে আসলেও শেষ পর্যন্ত নিয়মিত খেলার সুযোগ পেতে ইতালির ফিওরেন্তিনায় ধারে গেলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আজ ক্লাবটি নিশ্চিত করেছে যে, আগামী মৌসুমের জন্য তারা এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে ধারে নিয়েছে। তবে চুক্তিতে তাঁকে স্থায়ীভাবে কেনার কোনো সুযোগ বা বাধ্যবাধকতা রাখা হয়নি; অর্থাৎ তিনি রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবেই থাকবেন।

গত বছর রিভারপ্লেট থেকে সাড়ে চার কোটি ইউরো ব্যয়ে ১৮ বছর বয়সী এই প্রতিভাকে দলে এনেছিল স্প্যানিশ জায়ান্টরা। মাদ্রিদে আসার অনেক আগেই মাস্তানতুয়োনো বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন। মাত্র ১৬ বছর বয়সে রিভারপ্লেটের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে তাঁর। আর্জেন্টিনার ক্লাবটির হয়ে ৬৪ ম্যাচে ১০ গোল করে তিনি নিজের পরিণত পারফরম্যান্সের প্রমাণ দেন।

আন্তর্জাতিক অঙ্গনেও রেকর্ড গড়েছেন তিনি। ১৭ বছর ২৯৬ দিন বয়সে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক করে দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে সিনিয়র দলে খেলা ফুটবলারের মর্যাদা পান মাস্তানতুয়োনো। লিওনেল স্কালোনির অধীনে অভিষেকের মাধ্যমে তিনি এক শতাব্দীর বেশি পুরনো আদলফো হেইসিঙ্গারের রেকর্ড ভেঙে দেন।

এত প্রত্যাশার মাঝে রিয়ালে তাঁর প্রথম মৌসুমটি ছিল চ্যালেঞ্জিং। তারকা ঠাসা স্কোয়াডে নিয়মিত একাদশে জায়গা পাওয়া সহজ হয়নি তাঁর জন্য। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচ খেললেও শুরুর একাদশে সুযোগ পেয়েছেন খুব কম। সংখ্যার হিসেবে মৌসুমটি একেবারে নিষ্ফলা না হলেও, রিয়াল যে প্রত্যাশা নিয়ে তাঁকে পাঁচ কোটি মার্কিন ডলারের রিলিজ ক্লজে ছয় বছরের জন্য চুক্তিবদ্ধ করিয়েছিল, সেই প্রত্যাশার সঙ্গে তাঁর ভূমিকার একটা দূরত্ব থেকেই গেছে।

গত জানুয়ারিতে নাপোলি তাঁকে ধারে নিতে চাইলেও মাস্তানতুয়োনো তাতে রাজি হননি। তবে এবার সিরি ‘আ’-র দল ফিওরেন্তিনাতেই তাঁর ঠিকানা হবে। এদিকে রিয়াল মাদ্রিদ কি মাস্তানতুয়োনোকে নষ্ট করে ফেলছে—আর্জেন্টিনা দলে দুশ্চিন্তা শুরু হয়েছে।