ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদের সেন্টারিং খোলার সময় তা ধসে পড়ে হযরত বনি (৩০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের দক্ষিণ ডাঙ্গারপাড় গ্রামে কাউসার শেখের নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হযরত বনি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার গ্রামের ফিরোজ বনির ছেলে এবং তিনি দুই সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন শ্রমিক দীর্ঘদিন ধরে ভবনটির নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। শুক্রবার বিকেলে তারা দ্বিতীয় তলার ছাদের সেন্টারিং অপসারণ করার কাজ করছিলেন। সেই সময় হঠাৎ সেন্টারিং ধসে পড়লে হযরত বনি নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, "সংবাদ পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সেন্টারিংয়ের নিচ থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।"
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, "মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"