বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, "যে-ই বলুক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। মাদকসহ কেউ ধরা পড়লে তার অন্তত পাঁচ বছরের জেল হবে। পুরো উপজেলার মানুষও যদি কারও জন্য সুপারিশ করে, আমি তাও শুনব না। কারণ আমি মাদকদ্রব্য নির্মূল করতে চাই। মাদকাসক্ত ব্যক্তি পুরো পরিবার, পুরো গ্রাম ও পুরো দেশ ধ্বংস করে দেয়।"
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন এবং দুস্থ, অসহায় ও পানিবন্দী মানুষের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ অনুদানের চেক ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক কর্মী ও স্থানীয় নেতাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, "মানুষের ওপর বলপ্রয়োগ করা যাবে না। জনগণ যেন বুঝতে পারে এটি সেই দল নয়, যা গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিয়েছে। যারা অতীতে মানুষের সঙ্গে অসদাচরণ করত, সেই আচরণের পুনরাবৃত্তি যেন আর না ঘটে। জুনিয়ররা সিনিয়রদের সম্মান করবে, আর সিনিয়রদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন জুনিয়রদের স্নেহ করেন।"
সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, "শিক্ষকদের প্রতি আগে যে সম্মান ও ভীতি মিশ্রিত শ্রদ্ধাবোধ ছিল—যার কারণে শিক্ষকদের দেখলে আমরা দূর থেকে সালাম দিতাম—সেই পরিবেশ ও কালচার আমরা ফিরিয়ে আনতে চাই। মানুষের মধ্যকার পারস্পরিক সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের কোনো লোক যেন কোনো ধরনের অব্যবস্থাপনার সঙ্গে জড়িত না থাকে। সবাই মিলে একসঙ্গে কাজ করে দেশ গড়তে হবে।"
অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।
এছাড়া, অনুষ্ঠানে ১৫০ জন পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার এবং ৫৮ জনের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদানের চেক হস্তান্তর করা হয়। প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।