বলিউড থেকে হলিউড—দুই অঙ্গনেই কাজের ব্যস্ততা বজায় রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক পরিসরে তার নতুন যাত্রা যুক্ত হচ্ছে আরও একটি বড় প্রকল্পে। অস্কারজয়ী হলিউড অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করতে যাচ্ছেন তিনি। দুই তারকাকে দেখা যাবে নতুন সামরিক ঘরানার সায়েন্স ফিকশন থ্রিলার ব্লুফ্লাই-এ।

ছবিটি পরিচালনা করবেন নিমরোদ আন্তাল, যিনি এর আগে প্রিডেটরস-এর মতো আলোচিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। নির্মাতাদের আশা—বাস্তবধর্মী সামরিক অভিযান এবং বিজ্ঞান কল্পকাহিনির মিশেলে তৈরি এই ছবি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা বয়ে আনবে।

সিনেমার গল্প কঙ্গোকে ঘিরে। জাতিসংঘের এক দোভাষীকে একটি গোপন সামরিক অভিযানে যুক্ত করা হয়। লক্ষ্য—জঙ্গলের গভীরে বিধ্বস্ত হয়ে পড়া এমন একটি উড়োজাহাজ উদ্ধার করা, যার অস্তিত্বই আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয় না।

বিশেষ বাহিনীর একটি দল মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকা পেরিয়ে নদীপথে এগোতে থাকে। তবে অভিযানের অগ্রগতির সঙ্গে সঙ্গে তারা বুঝতে শুরু করে—এটি কেবল উদ্ধার অভিযান নয়; বরং এক ভয়ংকর রহস্যের মুখোমুখি হওয়ার যাত্রা। উড়োজাহাজটির যত কাছে তারা পৌঁছায়, ততই স্পষ্ট হয় যে, এই মিশনের আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু।

পরিচালক নিমরোদ আন্তাল ছবিটিকে বর্ণনা করেছেন ‘শক্তিশালী চরিত্রনির্ভর থ্রিলার, যার কেন্দ্রে রয়েছে সাহসী এক বিজ্ঞান কল্পকাহিনি’ হিসেবে। তাঁর মতে, ছবিতে উত্তেজনা, রহস্য এবং অজানার আতঙ্ক একসঙ্গে কাজ করবে।

চিত্রনাট্য লিখেছেন ডেভিদ ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক। আগামী কয়েক মাসের মধ্যেই অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

তবে প্রিয়াঙ্কা চোপড়া ও রাসেল ক্রো ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন—এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। ছবির অন্য অভিনয়শিল্পীদের নামও প্রকাশ করা হয়নি।

নতুন ছবির খবরটি প্রিয়াঙ্কা নিজেই ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন। ঘোষণাপত্র শেয়ার করে তিনি শুধু লিখেছেন, ‘এবার নতুন যাত্রা।’

এই পোস্টে প্রিয়াঙ্কার স্বামী মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস আগুনের ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই পোস্টটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।