সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে কুমিল্লায় আলোচনা সভা ও আনন্দ ভ্রমণের আয়োজন করেছে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ‘মিয়ামি রেস্টুরেন্টে’ এই আয়োজনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, "আপনাদের সেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ"—এই স্লোগানকে সামনে রেখে হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন দীর্ঘ সময় ধরে বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। বিশেষ করে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, তরুণ উদ্যোক্তা গড়ে তুলতে সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে বলে জানানো হয়।
যুক্তরাষ্ট্রপ্রবাসী শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়নসর প্রবাসী কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সভাপতি ও যুক্তরাষ্ট্রপ্রবাসী অলি উল্লাহ।
সভাপতির বক্তব্যে শাহ আলম বলেন, "মেধাবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, মানবকল্যাণ ও কর্মসংস্থানমুখী বিভিন্ন টেকসই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সেবায় কাজ করে যেতে চাই।"
আলোচনা সভার পর অংশগ্রহণকারীদের জন্য আনন্দ ভ্রমণ ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়। উপস্থিত অতিথিরা ফাউন্ডেশনের মানবিক কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানান।