নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে স্মৃতি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মোহাম্মদ মাইনুল হকের স্ত্রী এবং মতিয়ার রহমানের কন্যা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধোপাঘাট বটতলী বাজার এলাকায় নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের দাবি, রাতের কোনো এক সময়ে স্মৃতি আক্তার ঘরের বাঁশের তীরের সঙ্গে ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সকালে ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর জানান।
ঘটনা প্রসঙ্গে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, "স্মৃতি আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।"