জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রামের বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে। নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় তাঁদের পৈতৃক ভবন রয়েছে। তবে দুই বছর ধরে ভবনে মহিবুলের পরিবারের কেউ থাকেন না।

পুলিশ জানায়, ছয় থেকে সাতজন মাস্কধারী ব্যক্তি রাতে আশপাশের জিনিসপত্র জড়ো করে ভবনটির দ্বিতীয় তলার বারান্দায় আগুন দেন। এ সময় তাঁরা একটি পটকা ফাটান। পটকা ফাটানোর শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হলে ওই ব্যক্তিরা চলে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।

এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, ছয়জন ব্যক্তি মাস্ক পরে ভবনের সামনে অবস্থান করছেন। এর মধ্যে একজনের হাতে একটি বস্তা রয়েছে। আরেকটি ছবিতে একজন ব্যক্তিকে দেয়ালের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে দেখা যায়, ভবনের বেলকনিতে আগুন জ্বলছে। এসব ছবি ফেসবুকে শেয়ার করেছেন মহিউদ্দিন চৌধুরীর ছেলে এবং মহিবুল হাসানের ভাই বোরহানুল হাসান।

স্থানীয় বাসিন্দারা জানান, ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে মহিবুল হাসানও অংশ নেন। ফেসবুক আইডিতেও সেই ভিডিও তিনি শেয়ার করেছেন। এই ঘটনার জেরে বাড়িটিতে আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় লোকজনের ধারণা। বাসিন্দারা আরও বলেন, দুই বছর ধরে ভবনটিতে মহিবুলের পরিবারের কেউ আসেন না। তাঁরা উল্লেখ করেন, গত বছর ১৮ ডিসেম্বর শহীদ ওসমান হাদীর মৃত্যুর খবরের পর এই ভবনে হামলা ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মাস্ক পরা কয়েকজন এসে ভবনের বেরিয়ে থাকা অংশে আগুন দেয়। পরে একটি পটকা ফাটায়। স্থানীয় লোকজন বেরিয়ে এলে তাঁরা অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’