বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী স্প্যানিশ অধিনায়ক রদ্রি রিয়াল মাদ্রিদের পরিবর্তে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। ম্যানচেস্টার সিটির এই তারকা মিডফিল্ডার কাতালান ক্লাবটিকে দলবদলের আলোচনা এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন বলে দাবি করেছে ইউরোপের একাধিক সংবাদমাধ্যম। রিয়াল মাদ্রিদকেও তিনি নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানা গেছে।
দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সেলোনার কোচ হানসি ফ্লিক এবং ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে ইতিমধেই কথা বলেছেন রদ্রি। সেই আলোচনার পর বার্সেলোনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন তিনি। বর্তমানে ক্লাবটির আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব রদ্রির এজেন্টের কাছে পৌঁছেছে এবং বার্সেলোনা ম্যানচেস্টার সিটির সঙ্গেও যোগাযোগ করেছে। তবে রদ্রির এজেন্ট এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের দাবি, রিয়াল মাদ্রিদের বড় আর্থিক প্রস্তাব পাওয়া সত্ত্বেও বার্সেলোনাকেই বেছে নিয়েছেন রদ্রি। তিনি আনুষ্ঠানিকভাবে রিয়াল কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে দিয়েছেন। বার্সেলোনার খেলার ধরন, পেপ গার্দিওলার রেখে যাওয়া ফুটবল দর্শন এবং স্পেন জাতীয় দলের সতীর্থ পেদ্রি, গাভি, দানি ওলমো, ফেরান তোরেস ও লামিনে ইয়ামালদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রদ্রির এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
কিছুদিন আগেও রদ্রিকে দলে নেওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে ছিল। তবে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পরও স্প্যানিশ জায়ান্টরা তার সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। সেই সুযোগটি কাজে লাগিয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে বার্সেলোনা।
দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ম্যানচেস্টার সিটির সঙ্গে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছর বাকি। প্রায় ৬ কোটি পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকা) তাকে ছাড়তে পারে সিটিজেনরা।
ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের হাঁটুর চোটের পর মাঝমাঠের শূন্যতা পূরণে নতুন খেলোয়াড়ের সন্ধান করছিল বার্সেলোনা। বিশ্বকাপজয়ী স্পেনের অধিনায়ক রদ্রিকেই সেই পদের জন্য আদর্শ মনে করছে ক্লাবটি। তবে দলবদল প্রক্রিয়াটি এখনো চূড়ান্ত হয়নি। রদ্রির সম্মতি মিললেও ম্যানচেস্টার সিটির সঙ্গে পারিশ্রমিক নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে হবে বার্সেলোনাকে। আপাতত রিয়ালকে পেছনে ফেলে বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে কাতালানরা।