বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কেবল দল ভারী করার উদ্দেশ্যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা হবে একটি জঘন্য অপরাধ। শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় ডা. শফিকুর রহমান বলেন, "আমরা মনে করি না এখনই তারা রাজনীতিতে আসুক। এই দেশের রাজনীতিকে তারাই ধ্বংস করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, গুম হওয়া অনেকেই এখনও ফিরে আসেনি। এমন পরিস্থিতিতে কীভাবে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে।"
তিনি আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগ অতীতের ঘটনার জন্য জাতির কাছে কোনো দুঃখ বা অনুশোচনা প্রকাশ করেনি। ডা. শফিকুর রহমান বলেন, "যে দল অসংখ্য মানুষকে গুম করেছে, হত্যা করেছে, বহু মানুষকে পঙ্গু করেছে এবং একটি পুরো প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের মধ্যে এখনও কোনো অনুশোচনা দেখা যায়নি। শুধু দল ভারী করার জন্য তাদের রাজনীতিতে আনা অন্যায় ও জঘন্য অপরাধ।"
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব এবং সরকার যত দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করবে, দেশ তত সুন্দরভাবে পরিচালিত হবে। তিনি জানান, সংসদে যেখানে সহযোগিতা প্রয়োজন সেখানে তারা সহযোগিতা করছেন এবং যেখানে বিরোধিতা প্রয়োজন সেখানে গঠনমূলক বিরোধিতা করছেন।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, "এখনও আমরা দুই মেরুতে অবস্থান করছি। দেশের ৭০ শতাংশ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই সেই রায়কে অপমান করতে দেওয়া হবে না।"
সংসদে বিরোধীদলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, "এক সময় সংসদে মারামারি হয়েছে, ফাইল ছুড়ে মারা হয়েছে, একে অপরের দিকে তেড়ে যাওয়া হয়েছে এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা সে ধরনের সংসদ চাই না। আমরা একটি সভ্য ও মর্যাদাপূর্ণ সংসদ দেখতে চাই। প্রথম দিন থেকেই বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা গঠনমূলক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কোনো উসকানিতেই আমরা সেই অবস্থান থেকে সরে আসব না।"
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম এবং জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে রোকন সম্মেলনে যোগ দেন। এরপর ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় ও সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর বিকেল ৪টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।