চট্টগ্রামের চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই হামলা চালানো হয়। হামলাকারীরা প্রথমে বাসভবনে ভাঙচুর চালায় এবং পরবর্তীতে সেখানে আগুন ধরিয়ে দেয়।

নওফেলের ভাই অভিযোগ করেছেন যে, তাদের বাড়ির লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, এই বাসভবনটি প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাড়ি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নিরাপত্তা কর্মী ছাড়া ওই বাসায় আর কেউ অবস্থান করছেন না।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, "বৃহস্পতিবার রাত ২টার দিকে হামলার খবর পেয়েছি। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনা তদন্ত করা হচ্ছে।"

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যানুসারে, কয়েকজন দুর্বৃত্ত এসে আগুন ধরানোর চেষ্টা করে এবং পরবর্তীতে পাইপলাইনে আগুন ধরে যায়। স্থানীয়রা জড়ো হতে শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্থানীয়দের ধারণা, সেই ঘটনার জেরেই তাঁর বাসভবনে এই অগ্নিসংযোগ করা হয়েছে।

উল্লেখ্য, একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কারণে মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।