ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও মুক্তকণ্ঠ ট্রাস্টের সহযোগিতায় মুক্তকণ্ঠ বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক একটি কর্মশালার আয়োজন করে। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এ সভা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান এবং মেডিকেল কলেজ ফর উইমেনের সহযোগী অধ্যাপক ডা. চিরঞ্জীব বিশ্বাস। কর্মশালায় আলোচনা হয়—কীভাবে মনের যত্ন নিতে হবে, আসক্তি দূর করার উপায় এবং সুস্থ জীবনের গুরুত্ব।
এ প্রসঙ্গে ডা. ফারজানা রহমান বলেন, ‘সুন্দর ও সুস্থ জীবনযাপনের জন্য মনের যত্ন নেওয়া এবং বেঁচে থাকার আনন্দ খুঁজে নেওয়া জরুরি। ভালো কাজের সঙ্গে যুক্ত থাকলে মন ভালো থাকে এবং মাদক ও ইন্টারনেট আসক্তির মতো বদভ্যাস থেকে দূরে থাকা সম্ভব।’
ডা. ফারজানা রহমান আরও জানান, বই পড়া, গান শোনা ও খেলাধুলা করার মতো ইতিবাচক কর্মকাণ্ড মানুষের মন ও শরীর উভয়ই ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।