কুমিল্লার দেবিদ্বারে শিঙাড়া ও সমুচা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে মিছিল করানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে এই মিছিল করানো হয়। বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী সাদ্দাম মুন্সি ওরফে সোহেল রানা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে সিঙ্গারা-সমুচা খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে যান। এরপর তাদের দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ানো হয়। পুরো ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
ঘটনা প্রসঙ্গে ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা সুলতানা বলেন, "সকালে বিদ্যালয়ের কার্যক্রম শুরুর আগে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি শিক্ষার্থীদের সিঙ্গারা ও সমুচা খাওয়ানোর কথা বলে মাজার গেট এলাকায় নিয়ে যান। সেখানে তাদের দিয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়ানো হয়। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের দপ্তরিকে পাঠিয়ে শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন। তিনি বলেন, "কোমলমতি শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক। যারা শিক্ষার্থীদের দিয়ে এমন কাজ করিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।"
শুক্রবার (৭ আগস্ট) সকালে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান অভিযোগটির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, "সম্প্রতি ইউসুফপুর এলাকায় নিষিদ্ধ সংগঠনের একটি মিছিলে সাদ্দাম মুন্সির অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। তা ছাড়া কোমলমতি শিশুদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করার বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"