কিশোরগঞ্জ সদর উপজেলায় মাছের খামার থেকে অনিক মিয়া নামের পুলিশের সাবেক এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষীগঞ্জ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, প্রায় ১২ বছর আগে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন অনিক মিয়া। তবে দুই বছর চাকরির পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে বাড়ি ফিরে কৃষিকাজে নিয়োজিত হন। পরবর্তীতে দুই-তিন বছর আগে তিনি মাছ চাষ শুরু করেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি মাছের খামারের পাশে গরুর ঘাস কাটতে গিয়েছিলেন। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খামারে গিয়ে খোঁজ নিতে শুরু করেন। সেখানে গরুর জন্য কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। আশপাশে তল্লাশি করে তাকে পাওয়া না গেলে স্থানীয়দের সহায়তায় খামারের পুকুরে জাল ফেলে খোঁজাখুঁজি চালানো হয়। এসময় পুকুরের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনা প্রসঙ্গে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, "তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"