ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ার কারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার ফলে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।
আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশন-সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "জামালপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। এটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগেই লাইনচ্যুত হয়।"
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ওসি। তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেলপথ সচল করার কাজ শুরু হবে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে।