সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হতাহতের এই সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।"
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ওই বাসের ৮ জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।