ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি যখন ঢাকার দিকে যাচ্ছিল, তখন সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ট্রেনটির সামনের অংশের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য ইতিমধ্যে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে বলে আরও জানান ওসি আকতার হোসেন।