বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে অপেক্ষারত শ্রমিকদের চাপা দেয় বলে জানা গেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী হতাহতের এই সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "হতাহিত সবাই শ্রমজীবী এবং স্থানীয় বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।"

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস আজ সকাল সাড়ে ছয়টার দিকে এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। বাসটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে। সেই স্থানেই কাজের সন্ধানে বের হওয়া একদল শ্রমিক অপেক্ষা করছিলেন, যাদের ওপর বাসটি উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও অনেকে গুরুতর আহত হন।

পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।