ইউরোপীয় দেশগুলোর বিশ্বকাপ বয়কটের হুমকি এবং নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। গত ১০ বছরে ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রতি তাদের এই আস্থা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানানো হয়। বিবৃতিতে বিশ্বজুড়ে ফুটবলের সামগ্রিক উন্নয়ন এবং একটি স্থিতিশীল প্রশাসনিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ইনফান্তিনোর নেতৃত্বের প্রশংসা করা হয়েছে।

আসন্ন ফিফা কংগ্রেসের আগে তাপিয়ার নেতৃত্বাধীন এএফএ স্পষ্ট করেছে যে, ইনফান্তিনোর অধীনেই কাজ চালিয়ে যাওয়াকে তারা সঠিক পথ মনে করে। আরও উন্নত ও অন্তর্ভুক্তিমূলক ফুটবল গড়ে তুলতে তার নেতৃত্ব প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

তবে ইনফান্তিনোর বিতর্কিত 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' পরিকল্পনাটিকে সমর্থন করেনি এএফএ। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের লক্ষ্যে এই পরিকল্পনা করা হয়েছিল।

আর্জেন্টাইন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার মতে, শুরু থেকেই এই পরিকল্পনাটি ফুটবল বিশ্বে নিশ্চয়তার চেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে পরিকল্পনাটি প্রত্যাহার করা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভুল স্বীকার এবং ফিফার ২১১ সদস্য দেশের কাছে ক্ষমা চাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে এএফএ।

উল্লেখ্য, পরিকল্পনাটি প্রণয়নের সময় সদস্য দেশ ও আঞ্চলিক কনফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা না করার অভিযোগে প্রবল চাপের মুখে পড়েছিলেন ইনফান্তিনো। উয়েফা তার প্রতি আস্থা হারানোর কথা জানিয়ে ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকি বহাল রেখেছে।

এমনকি দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল, যার সদস্য আর্জেন্টিনা, তারাও ফিফার বারবার একতরফা সিদ্ধান্ত নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। তবে পরিকল্পনার সমালোচনা করলেও ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে কনমেবলের সামগ্রিক অবস্থানের চেয়ে কিছুটা ভিন্ন পথ নিল এএফএ।

এর আগে আফ্রিকান ফুটবল কনফেডারেশন সর্বসম্মতভাবে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছিল। এবার বিশ্ব ফুটবলের অন্যতম প্রভাবশালী দেশ আর্জেন্টিনার এই সমর্থন সংকটে থাকা ফিফা সভাপতিকে কিছুটা স্বস্তি দিল।