লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতার প্রধান সড়কটির মেরামতকাজ অবশেষে শুরু হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিচ্ছিন্ন হয়ে পড়া এই সড়কের মেরামতের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্যোগ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সড়ক মেরামতের মালামালবাহী ট্রাকটি দহগ্রামে প্রবেশের অনুমতি পায়।

বৃহস্পতিবার সকালে সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢল ও পানির স্রোতে দহগ্রাম-আঙ্গরপোতার ‘সিস্টায়ার বাজা’ এলাকার প্রধান পাকা সড়কের একটি বড় অংশ ধসে যায়, যার ফলে ১০ ফুট গভীর খাদের সৃষ্টি হয়। এতে অন্তত দুই হাজার পরিবারের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

জনভোগান্তি নিরসনে লালমনিরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জরুরি মেরামতের উদ্যোগ নিয়ে বালুসহ অন্যান্য সামগ্রী পাঠায়। কিন্তু তিন বিঘা করিডোর সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মালামালের ট্রাকটি আটকে দেয়, ফলে মেরামতকাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বিজিবি সীমান্ত পর্যায়ে যোগাযোগ জোরদার করে পরিস্থিতি বিবেচনায় নিয়ে। রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) পক্ষ থেকে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও অনুরোধ জানানো হলে জটিলতার অবসান ঘটে।

বিজিবি সূত্র জানায়, দহগ্রামের বাসিন্দাদের ভোগান্তি ও জরুরি সড়ক মেরামতের বিষয়টি বিবেচনায় নিয়ে বিএসএফের সঙ্গে সমন্বয় করা হয়েছে। বিজিবির অনুরোধের পর বিএসএফ ট্রাকটি ভেতরে প্রবেশের অনুমতি দেয়। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী ওসমান গনি জানান, "মালামালবাহী ট্রাকটি প্রবেশ করার পর দহগ্রামে সড়ক মেরামত কাজ শুরু করেছি।"