ম্যানচেস্টার সিটির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রির দলবদল নিয়ে এবার আলোচনায় নেমেছে বার্সেলোনা। দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদন অনুযায়ী, কাতালান ক্লাবটি ইতিমধ্যে এই খেলোয়াড়ের ক্যাম্পের সঙ্গে সম্ভাব্য চুক্তির শর্তাবলি নিয়ে কথা বলেছে। পরিচয় গোপন রাখার শর্তে বার্সেলোনার একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ফুটবলীয় দর্শনের মিলের পাশাপাশি স্পেন জাতীয় দলের আটজন সতীর্থের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ রদ্রিকে বার্সেলোনার প্রতি আগ্রহী করছে। জোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, গাভি, দানি ওলমো, পেদ্রি, ফেরান তোরেস এবং লামিনে ইয়ামাল—স্পেন দলের এই তারকাদের সঙ্গে সতীর্থ হওয়ার সুযোগ পাবেন রদ্রি।

এর আগে গত ২৪ জুলাই দ্য অ্যাথলেটিক জানিয়েছিল, রিয়াল মাদ্রিদ রদ্রিকে দলে নেওয়ার প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে এনেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ব্যক্তিগত শর্তাবলি নিয়ে রদ্রি ও রিয়ালের মধ্যে সমঝোতা হয়ে গেছে। বাকি ছিল কেবল ম্যানচেস্টার সিটির সঙ্গে ট্রান্সফার ফি নিয়ে চূড়ান্ত আলোচনা। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনার মাঝেই এখন দর-কষাকষির লড়াইয়ে ঢুকে পড়েছে বার্সেলোনা।

বার্সেলোনার এই আকস্মিক আগ্রহের পেছনে অন্যতম কারণ ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের চোট। ডান হাঁটুর মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডাচ মিডফিল্ডারকে। অস্ত্রোপচার না করলে সুস্থ হতে চার মাস সময় লাগতে পারে, আর অস্ত্রোপচারের প্রয়োজন হলে এই সময় আরও বাড়বে।

ডি ইয়ংয়ের অনুপস্থিতিতে বার্সার হোল্ডিং মিডফিল্ডে শূন্যতা তৈরি হয়েছে। ১৯ বছর বয়সী লা মাসিয়ার প্রতিভা মার্ক বার্নাল এখন সেখানে প্রথম পছন্দ। তবে ২০২৪ সালের গুরুতর হাঁটুর চোট থেকে ফিরে গত মৌসুমে প্রতিযোগিতামূলক ফুটবলে মানিয়ে নিতে তাকে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এই পরিস্থিতিতে রদ্রিকে দলে আনতে পারলে মধ্যমাঠ নিয়ে আর ভাবতে হবে না কোচ হান্সি ফ্লিককে।

এদিকে রবার্ট লেভানডফস্কির বিদায়ের পর নতুন স্ট্রাইকার সংগ্রহের লক্ষ্যে নিউক্যাসল থেকে অ্যান্টনি গর্ডন এবং বরুশিয়া ডর্টমুন্ড থেকে করিম আদেয়েমিকে দলে টেনেছে বার্সেলোনা। এছাড়া ট্রান্সফার উইন্ডোজুড়ে তারা আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেসের পেছনেও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বার্সেলোনার ভেতর থেকে আসা বার্তায় জানা গেছে, তারা বড় ধরনের খরচের জন্য প্রস্তুত। ক্যাম্প ন্যুতে পূর্ণ প্রত্যাবর্তনের ফলে বাড়তি আয় এবং লেভানডফস্কির মতো উচ্চ বেতনের খেলোয়াড়ের বিদায় বার্সাকে লা লিগার স্যালারি ক্যাপের হিসাবে আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে।

ম্যানচেস্টার সিটির সঙ্গে রদ্রির চুক্তির মেয়াদ বাকি ১২ মাস। দুই স্প্যানিশ ক্লাবের আগ্রহ সম্পর্কে সিটি কর্তৃপক্ষ অবগত। দ্য অ্যাথলেটিকের তথ্যমতে, ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার প্রিমিয়ার লিগের ক্লাবে চুক্তি নবায়নে তেমন আগ্রহ দেখাননি। এপ্রিলের আন্তর্জাতিক বিরতিতে তিনি নিজেই জানিয়েছিলেন, ক্যারিয়ারের কোনো এক সময়ে নিজের দেশে ফিরে লা লিগায় খেলার ইচ্ছা তাঁর রয়েছে।

২০১৯ সালে আতলেতিকো থেকে সিটিতে যোগ দেওয়া রদ্রি সাত বছরে জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, তিনটি লিগ কাপ এবং ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জয়সূচক গোলটিও ছিল তাঁরই করা। এছাড়া স্পেনের হয়ে ২০২৪ ইউরো ও ২০২৬ বিশ্বকাপ জয়ের পাশাপাশি তিনি ব্যালন ডি’অর জয় করেছেন।