সারা দেশে বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার ও শনিবার ঢাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে, তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের মতে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, শনিবার থেকে সোমবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়েও দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক মুক্তকণ্ঠকে বলেন, "ঢাকায় শুক্র ও শনিবার বৃষ্টিপাতের মাত্রা গত দুই দিনের (বুধ ও বৃহস্পতিবার) তুলনায় কমে আসতে পারে। কিন্তু দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ হবে। রোববার থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে।"

পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে—১৪০ মিলিমিটার। তবে এই সময়ে রাজশাহী, বদলগাছী, চুয়াডাঙ্গা ও ভোলায় কোনো বৃষ্টি হয়নি।