পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ছাতনাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সুরুজ্জামাল (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদীতে মাছ ধরার জাল বসাতে যান সুরুজ্জামাল। সেই সময় নদীর তীব্র স্রোতের তোড়ে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল প্রায় ৫টার দিকে কুরবান নামে এক ব্যক্তি নদীর ভেতর একটি বাঁশের খুঁটির সঙ্গে আটকে থাকা তার মরদেহ দেখতে পান। এরপর স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
নিহত সুরুজ্জামাল দেবীডুবা ইউনিয়নের টাকাহারা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, "খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহের সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে তা হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।"