বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে সংবাদ ও সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে পরিচিতি অর্জন করা কাজী জেসিন এবার রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন। তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী কাজী জেসিনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। কাজী জেসিন এর আগে এনটিভি, চ্যানেল আই, একুশে টেলিভিশন, বাংলাভিশন ও যমুনা টেলিভিশনের সংবাদ বিভাগে কাজ করেছেন। বর্তমানে বিটিভির মহাপরিচালক হিসেবে মাহবুবুল আলম দায়িত্ব পালন করছেন।