প্রকৌশলদক্ষতার উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, গবেষণা এবং উচ্চমূল্য সংযোজিত প্রযুক্তি সেবা খাতের বিকাশে যাত্রা শুরু করেছে ‘ড্যাফোডিল সিএই সেন্টার, বাংলাদেশ’।

গত মঙ্গলবার রাজধানীর সোবহানবাগে অবস্থিত ড্যাফোডিল প্লাজায় এই কেন্দ্রের উদ্বোধন এবং প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), প্রয়াস প্রযুক্তি ফাউন্ডেশন এবং আরও ছয়টি প্রযুক্তিপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গামা টেকনোলজিস ইনকরপোরেটেডের (ইউএসএ) কো-ফাউন্ডার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাঈদ ওয়াহিদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. সবুর খান বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে জ্ঞান, উদ্ভাবন এবং উন্নত প্রকৌশলদক্ষতার ওপর। ড্যাফোডিল সিএই সেন্টারের মাধ্যমে আমরা এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলছি, যেখানে শিক্ষা, গবেষণা ও শিল্প একসঙ্গে কাজ করবে।’ তিনি আরও উল্লেখ করেন যে, এটি শুধু শিক্ষার্থীদের দক্ষ করে তুলবে না, বরং বাংলাদেশের শিল্পায়ন, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে, সাঈদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘ড্যাফোডিল সিএই সেন্টার শুধু একটি ল্যাব নয়; এটি আন্তর্জাতিক জ্ঞান বিনিময়, প্রযুক্তি স্থানান্তর এবং প্রকৌশল উদ্ভাবনের একটি প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য বিশ্বমানের প্রযুক্তি ও শিল্প-অভিজ্ঞতাকে বাংলাদেশের শিক্ষার্থী এবং প্রকৌশলীদের কাছে পৌঁছে দেওয়া।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের সাবেক সভাপতি এবং ডেটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি ইনকরপোরেটেড লিমিটেডের চেয়ারম্যান মাহবুব জামান, বেসিসের সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার ফোরকান বিন কাশেম এবং ড্যাফোডিল গ্রুপের সিইও নূরুজ্জামান। এছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রকৌশলী ও শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নেন।