অনলাইন ক্যাসিনো ও জুয়ার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত এজেন্ট ওয়াসিম হালদারকে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাইবার সুরক্ষা আইনের একটি বিচারাধীন মামলায় পলাতক আসামি হিসেবে তাকে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল কোমরপুর গ্রামের স্থানীয় একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম হালদার মুজিবনগর থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, ওয়াসিম হালদার বাংলাদেশে ‘1xBet’ অনলাইন ক্যাসিনোর প্রাথমিক পর্যায়ের এজেন্টদের একজন। অভিযোগ রয়েছে, তিনি শুধু বাংলাদেশেই নয়, ভারতেও এই অনলাইন জুয়ার এজেন্ট নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

মেহেরপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আদালতের বিচারাধীন সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।"

তিনি আরও বলেন, "ওয়াসিমের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষায় যদি অনলাইন জুয়া কিংবা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য-প্রমাণ মেলে, তবে তার বিরুদ্ধে নতুন করে আইন অনুযায়ী পৃথক মামলা করা হবে।"