যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা (দক্ষিণ পাড়া) গ্রামের একটি মেহগনি বাগান থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুন্ডা গ্রামের আশানুর রহমানের বাড়ির পাশে একটি মেহগনি বাগানে স্থানীয় বাসিন্দারা সাদা রঙের একটি প্লাস্টিকের হাতব্যাগ দেখতে পান। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় তারা ভেতরে পরীক্ষা করে ককটেলসদৃশ দুটি বস্তু দেখতে পান এবং দ্রুত পুলিশে খবর দেন।
খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করে এবং নিরাপত্তার স্বার্থে তা হেফাজতে নেয়।
ওসি আরও জানান, "ককটেলগুলো কে বা কারা বাগানে রেখে গেছে, তা এখনও জানা যায়নি।" তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।