ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে মোহাম্মদ খোরশেদ আলী (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনটি পরীক্ষা করে পুলিশ সেখানে ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপস খুঁজে পেয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মালিগাঁও (কাশিডাঙ্গা) এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার খোরশেদ আলী ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল খোরশেদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। প্রাথমিক তদন্ত ও মোবাইল ফোন যাচাইয়ে দেখা যায়, সেখানে ৩৮টি সক্রিয় অনলাইন ক্যাসিনো ও জুয়ার অ্যাপস রয়েছে। অভিযোগ রয়েছে যে, খোরশেদ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্যাসিনো পরিচালনা এবং সাইবার প্রতারণা করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, সাইবার অপরাধ ও অনলাইন জুয়া চক্র দমনে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার খোরশেদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।