নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ডালিম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ডালিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।
বন্দর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডালিমের সঙ্গে একই এলাকার হাবিব (২০) নামে এক যুবকের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে বুধবার রাত প্রায় ১১টার দিকে শুভকরদী এলাকায় ডালিমকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বৃহস্পতিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত হাবিব মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি ওই এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, "নিহত ডালিম ও অভিযুক্ত হাবিব—দুজনই মাদকসেবী ছিলেন। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত হাবিব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।"