বান্দরবানের রোয়াংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার কাইন্তারমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পের নেতৃত্বে ছিলেন বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১২৫টি অসহায় পরিবারের ৩১২ জন সদস্য এখান থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ পান।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বিজিবির মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, বান্দরবান সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. জয়দত্ত বড়ুয়া এবং সিনিয়র কনসালট্যান্ট (নাক, কান ও গলা) ডা. দীপংকর তঞ্চঙ্গ্যা। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি ওষুধ বিতরণ করেন। বিশেষ করে বন্যা-পরবর্তী সময়ে প্রকোপ পাওয়া জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, চর্মরোগ এবং শিশুদের বিভিন্ন স্বাস্থ্যজটিলতার চিকিৎসা দেওয়া হয় এখানে।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেন, "সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, "বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবি সবসময় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকবে।"
সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা মংচিং মারমা বলেন, "বন্যার কারণে আমরা অনেক কষ্টে আছি। চিকিৎসার সুযোগও ছিল না। বিজিবির এই উদ্যোগ আমাদের জন্য অনেক বড় সহায়তা। চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।"
উপকারভোগী মায়া ত্রিপুরা বলেন, "আমার শিশুসহ পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছে। দুর্গম এলাকায় এমন চিকিৎসা ক্যাম্প আমাদের জন্য অনেক উপকার বয়ে এনেছে। বিজিবির এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।"
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, খাদ্য ও ত্রাণ সহায়তা প্রদান এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত কাজ করে যাচ্ছে।
মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয়দের ব্যাপক সাড়া পাওয়া গেছে। উপকারভোগীরা ভবিষ্যতে এই ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।