জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ শিক্ষকের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপরতা ও রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি ‘এশিয়া পোস্ট’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনকে ভিত্তি করে তদন্তপূর্বক রিপোর্ট দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদ। সদস্যসচিব করা হয়েছে রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মোহা. আব্দুল মালেককে। কমিটির বাকি সদস্যরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ–উল–আজম সওদাগর।

অফিস আদেশে বলা হয়, ১৩ আগস্টের মধ্যে তদন্ত কমিটিকে অভিযোগ তদন্ত করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত শিক্ষক থাকলে, তাঁদের চিহ্নিত করার জন্য বলা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ ও সুপারিশ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বিগত সরকারের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন এবং আন্দোলনকারীদের হুমকি প্রদানে জড়িত ছিলেন কি না—তা তদন্ত করে সত্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।