ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নে বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে মো. রাসেল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজ বাড়িতে ফ্লোরিংয়ের কাজের জন্য বসানো বৈদ্যুতিক মোটরে সংযোগ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল নুরাবাদ ইউনিয়নের বাসিন্দা মো. আবুল কালামের একমাত্র পুত্র। সে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং ফলাফলের অপেক্ষায় ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির ফ্লোরিং কাজের জন্য পুকুর থেকে পানি তোলার উদ্দেশ্যে একটি বৈদ্যুতিক মোটর বসানো হয়েছিল। দুপুরে সেটিতে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত রাসেল বিদ্যুতায়িত হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাসীর বিল্লাহ বলেন, "রাসেলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।"

একমাত্র সন্তানকে হারিয়ে শোকার্ত বাবা মো. আবুল কালাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার চার মেয়ে ও একমাত্র ছেলে সে। অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছি। এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, ফলাফলের অপেক্ষায় ছিলাম। খুবই মেধাবী ছিল সে। আমার সব স্বপ্ন ছিল তাকে ঘিরে। আজ তাকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।"

নিহত শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন। তিনি বলেন, "রাসেল আমাদের বিদ্যালয়ের একজন বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।"

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি জানার পর পুলিশ খোঁজখবর নিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।