চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী আলহাজ মো. রুহুল আমিন (৯৩) মামলা পরিচালনাকালে আকস্মিক অসুস্থ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পারিবারিক ও আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আদালতে একটি মামলার শুনানি চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘ ৫৪ বছর তিনি চাঁদপুর জেলা বারে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

প্রবীণ এই আইনজীবী মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা হলেও পেশাগত কারণে দীর্ঘ সময় চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করছিলেন।

আইন পেশার পাশাপাশি রাজনীতিতেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরবর্তীতে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন। ছেলে দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় চূড়ান্ত করা হবে। বর্তমানে মরদেহ চাঁদপুর বেগম মসজিদের কোল্ড স্টোরেজে (মর্চুয়ারি) রাখা হয়েছে। ছেলে পৌঁছালে জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

জ্যেষ্ঠ এই আইনজীবীর আকস্মিক প্রয়াণে চাঁদপুরের আইন ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আইনজীবী সমিতি, সহকর্মী ও স্থানীয় সুধীজন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন।