ছোট বোনের বিয়ের কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাইদুল ইসলাম (৩২) নামের এক যুবক। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজকুঞ্জরা ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম জেলার বারইয়ারহাট বাজার থেকে বোনের বিয়ের কেনাকাটা শেষ করে নিজের অটোরিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন সাইদুল। নিজকুঞ্জরা ইউটার্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা ‘স্টার লাইন পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের ফলে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে চালক সাইদুলসহ আরও এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় থাকা অন্য যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন জানান, খবর পেয়ে পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ফাজিলপুর হাইওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর এবং অভিযুক্ত বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।