দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন মারা গেছেন। গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৮১৮ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৭৩৩ জন উপসর্গে আক্রান্ত হয়েছেন।

মৃতদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং দুজনের মৃত্যু হয়েছে সিলেটে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৭৬৪ জন এবং হাম শনাক্ত হওয়ার পর ৯৬ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫০ হাজার ৩৭৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১৬ হাজার ৭৪০ জনের ক্ষেত্রে হাম শনাক্ত হয়েছে।

চিকিৎসার জন্য এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন, যাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।