সরকার গত পাঁচ মাসে তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর পল্টনের মুক্তাঙ্গনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল ও গ্যাসসংকট এবং বিদ্যুতের অস্বাভাবিক বিলের প্রতিবাদে আয়োজিত ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
বৃষ্টির মধ্যে কর্মসূচিতে অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, "বৃষ্টির মধ্যে বসে সমাবেশ করছি। এটি সরকারের জন্য একটি বার্তা। সরকার পাঁচ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না।"
ক্যাম্পাসগুলোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, "ক্যাম্পাসগুলোতে ছাত্রদল বিরোধী দলের ছাত্রসংগঠন ছাত্রশিবির ও ছাত্রশক্তির ওপর হামলা চালাচ্ছে। ছাত্রলীগের মতো তারা হামলা করছে। ক্যাম্পাসগুলো কোনো অবস্থাতেই তাদের হাতে ছেড়ে দেওয়া হবে না।"
সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে তিনি বলেন, "গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার। সরকার প্রতি পদে পদে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। সরকার যদি গ্যাস বিদ্যুতের চাহিদা পূরণ না করে, তাহলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশের জনগণ তাদেরকে আর কোনো সুযোগ দেবে না।"
গ্যাসের দাম বাড়ানোর চেষ্টার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জানান, সরকার যদি গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করে, তবে তারা গদিতে বসে থাকতে পারবেন না। তার মতে, গ্যাস, বিদ্যুৎ ও কর্মসংস্থান নিশ্চিত করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা উচিত নয়।
উক্ত অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য প্রদান করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ড. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রিটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মুফতি মুখলেসুর রহমান কাসেমী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ফখরুল ইসলাম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান প্রমুখ।