মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরের রউয়া বিলে মানুষের ফেলে যাওয়া পরিত্যক্ত জালের ফাঁদে পড়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ মারা গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রউয়া বিলে মাছ ধরতে গিয়েছিলেন স্থানীয় মৎস্যজীবী রাজা মিয়া। সেখানেই তিনি বিলের পানিতে পড়ে থাকা একটি পরিত্যক্ত জালে পেঁচিয়ে থাকা অবস্থায় মুমূর্ষু অবস্থায় অজগরটিকে দেখতে পান। দীর্ঘক্ষণ জালে আটকে থেকে ছটফট করার ফলে সাপটি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিল।

ঘটনাটি জানাজানি হলে দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করা হয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সাথে জাল কেটে অজগরটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পরপরই সাপটিকে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে জরুরি চিকিৎসা শুরু করা হলেও পর্যবেক্ষণেরত অবস্থায় অজগরটি মারা যায়। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, "ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ জালে শক্তভাবে আটকে থাকায় শ্বাসনালি চেপে দম বন্ধ হয়ে এবং অতিরিক্ত শারীরিক ধকলের কারণেই বন্যপ্রাণীটির মৃত্যু হয়েছে।"

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, "খবর পাওয়া মাত্রই আমরা অজগরটি উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি। কিন্তু দুর্ভাগ্যবশত এটিকে বাঁচানো সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী মৃত অজগরটিকে পরবর্তী আইনি ও প্রয়োজনীয় ব্যবস্থার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।"