ভারতে অবস্থান করে ফ্যাসিস্ট হাসিনা যতই ষড়যন্ত্র করুন না কেন, তাতে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে চারতলা ভিত্তিবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন ও রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ বলেন, "যিনি ১৭ বছর অবৈধভাবে দেশ শাসন করে ধ্বংস করেছেন, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দেশের মানুষ যখন ঐক্যবদ্ধভাবে ফুঁসে উঠেছিল, তখন তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। গত দুই বছর ধরে তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখানে বসে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছেন। তবে তিনি যতই চক্রান্ত করুন না কেন, কোনো লাভ হবে না।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাকে দেশ ছাড়তে ও ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভারতে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না; বাংলাদেশের জনগণ আবারও ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশের মাটিতে তার স্থান আর কখনই হবে না।"

ভারতের প্রতি আহ্বান জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, "ভারত বাংলাদেশের ভালো বন্ধু এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তাই ভারতের কাছে আমাদের অনুরোধ—এই অবৈধ ফ্যাসিস্ট প্রধানকে প্রশ্রয় না দিয়ে আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার স্বার্থেই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে ফেরত দিন। আপনাদের কাছে এটাই আমাদের মূল আহ্বান।"

উক্ত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, বিসিবির কাউন্সিলর ও বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।