নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল ও গ্যাসসংকট এবং বিদ্যুতের অস্বাভাবিক বিলের প্রতিবাদে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে রওনা হন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। তবে জিরো পয়েন্ট অতিক্রম করার পরপরই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষ করে ১১ দলের নেতারা যখন সচিবালয়ের উদ্দেশে মিছিল শুরু করেন, তখন জিরো পয়েন্টে এই বাধা সৃষ্টি হয়।
সচিবালয় ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতারা অংশ নেন।
এর আগে আজ বেলা ১১টায় বৃষ্টির মধ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল ও গ্যাসসংকট এবং বিদ্যুতের ভূতুড়ে বিলের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন শুরু করে ১১ দলীয় ঐক্য।
উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রিটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।