ঢাকার ধামরাইয়ে ইটবোঝাই দ্রুতগতির ট্রাকের ধাক্কায় বজলুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহী পশু চিকিৎসক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ধামরাই উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের মধুডাঙ্গা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত বজলুর রহমান উপজেলার বড় কাঠালিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কালামপুরমুখী ইটবোঝাই একটি দ্রুতগতির ট্রাক মধুডাঙ্গা এলাকা অতিক্রম করার সময় হঠাৎ সামনে একটি শিশু চলে আসে। শিশুটিকে বাঁচাতে ট্রাকচালক দ্রুত ব্রেক চাপলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

ঠিক সেই মুহূর্তে নিয়ন্ত্রণহীন ভারী ট্রাকটি পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বজলুর রহমানের মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাস্থল এবং নিহতের বাড়ি খুব কাছাকাছি হওয়ায় স্বজনরা মরদেহ আগেই বাড়ি নিয়ে গেছে।"