বলিউড সুপারস্টার সালমান খান এবং তাঁর বোন আলভিরা খান অগ্নিহোত্রীর বিরুদ্ধে এক প্রতারণার মামলায় সমন জারি করেছে চণ্ডীগড়ের একটি জেলা আদালত। তাঁদের পাশাপাশি ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ অক্টোবর তাঁদের আদালতে উপস্থিত হয়ে অভিযোগের জবাব দিতে হবে।

চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্ত এই মামলাটি দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডের গয়নার শোরুম খোলার জন্য তাঁকে নানা প্রতিশ্রুতি ও ব্যবসায়িক আশ্বাস দেওয়া হয়েছিল। সালমান খানের জনপ্রিয়তা ও ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডের সুনামকে সামনে রেখে তাঁকে এই ব্যবসায় বিনিয়োগে উৎসাহিত করা হয়। সেই আশ্বাসের ভিত্তিতে তিনি প্রায় তিন কোটি রুপি বিনিয়োগ করেন, যার মধ্যে শুধু শোরুম তৈরিতেই তাঁর প্রায় এক কোটি রুপি ব্যয় হয়।

অরুণ গুপ্তের দাবি, চুক্তি অনুযায়ী তিনি নিজের সব দায়িত্ব পালন করলেও শোরুম চালু হওয়ার পর প্রতিশ্রুত ব্যবসায়িক সহায়তা পাননি। তাঁর অভিযোগ, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ‘বিয়িং হিউম্যান’ গয়না সরবরাহকারী প্রতিষ্ঠান কার্যত ব্যবসা বন্ধ করে দেয়। ফলে শোরুমে নতুন গয়না সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তাঁর ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়ে। অভিযোগে আরও বলা হয়েছে, ব্যবসার সম্ভাবনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাঁকে বিনিয়োগে প্ররোচিত করা হয়েছিল।

প্রতারণার এই অভিযোগটি নতুন নয়। অরুণ গুপ্ত প্রথমে ২০২১ সালে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। দীর্ঘ সময়েও বিষয়টির সুরাহা না হওয়ায় তিনি অবশেষে আদালতের দ্বারস্থ হন। সেই মামলার শুনানি শেষে এবার সালমান, আলভিরা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সমন জারি করেছে চণ্ডীগড় জেলা আদালত।

তবে অভিযোগ অস্বীকার করেছে ‘বিয়িং হিউম্যান জুয়েলারি’র সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান। তাদের দাবি, ২০১৮ সালে অরুণ গুপ্তের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেখানে সালমান খান বা আলভিরা খান অগ্নিহোত্রীর কোনো প্রত্যক্ষ ভূমিকা ছিল না। প্রতিষ্ঠানের বক্তব্য, সালমান খান ফাউন্ডেশন ২০১৫ সালে শুধু ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ড ব্যবহারের লাইসেন্স দিয়েছিল। গয়নার ব্যবসা পরিচালনা, বিপণন, পণ্য সরবরাহ ও বিক্রির সম্পূর্ণ দায়িত্ব ছিল লাইসেন্সধারী প্রতিষ্ঠান ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর ওপর।

আদালতের সমনের পর এখন পর্যন্ত সালমান বা আলভিরার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আগামী ৫ অক্টোবর আদালতে তাঁদের উপস্থিতির পর মামলার পরবর্তী শুনানির দিকে নজর থাকবে সবার।

এদিকে পেশাগত জীবনে ব্যস্ত সালমান খান বর্তমানে পরিচালক ভামশি পেড্ডিপল্লির নতুন ছবি ‘এসভিসি ৬৩’-এর কাজে নিয়োজিত। এই ছবিতে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাঁকে। ‘এসভিসি ৬৩’ ছবিতে পুরোপুরি অ্যাকশন অবতারে আসছেন ভাইজান। এছাড়া অপূর্ব লাখিয়া পরিচালিত ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে সালমানকে কর্নেল বি সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে। এই ছবির অন্যান্য মূল চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং ও অঙ্কুর ভাটিয়া।