২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে জাতীয় সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এই তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় নির্বাচন কমিশনকে। এখন এই ভোটার তালিকা চূড়ান্ত করার পর ইসি নির্বাচনের তফসিল ঘোষণা করবে। সংসদ সদস্যদের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।
এই নির্বাচনী প্রক্রিয়ায় রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আইন ও সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এর আগে সোমবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, "আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটে অনুরোধ করেছি। ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে।"
গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপরই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতোমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হন।