জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে নিষিদ্ধ যুবলীগের উত্তরা থানা সহসভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবদুস সোবহান কাজীর। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন মুক্তকণ্ঠকে বলেন, "মামলার ১৪ নম্বর আসামি সোবহান কাজী। আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।"

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় আল আমিন খলিফা নামের এক ব্যক্তি নিহত এবং আরও অনেকে আহত হন। নিহতের বাবা বাদল খলিফা বাদী হয়ে সে বছরের ১৩ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার বিষয়ে এবং পলাতক কয়েকজন আসামি সম্পর্কে কিছু তথ্য দিলেও তাঁদের সঠিক পরিচয় দিতে পারেননি। আসামির নাম-ঠিকানা যাচাই এবং মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে ৪ আগস্ট রাতে বনানী থানার স্টেশন অফিসার্স মেস-সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে সোবহান কাজীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি, দুটি আইফোন এবং তাঁর নামে ইস্যু করা পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করেছে পুলিশ।