প্রীতি জিনতা ও ব্রেট লি—আইপিএলের শুরুর দিকে এই জুটিকে ঘিরে নানা গুঞ্জন চলত। মাঠে দেখা, হাসি-খুনসুটি কিংবা একসঙ্গে উপস্থিতি হলেই নতুন করে জল্পনা শুরু হতো। দেড় দশকের বেশি সময় ধরে সেই আলোচনা থামতে না থামতেই এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি।

সম্প্রতি বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে লি জানান, বলিউড অভিনেত্রীর সঙ্গে তাঁর কখনোই প্রেমের সম্পর্ক ছিল না।

২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাবে (বর্তমান পাঞ্জাব কিংস) নাম লিখিয়েছিলেন লি। পরের দুই আসরেও তিনি একই দলে খেলেন। পাঞ্জাবের সহমালিক ছিলেন (এখনো আছেন) বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই এক সময় প্রেমের গুঞ্জনের জন্ম দেয়। ২০১১ সালে লি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পরেও আলোচনা থামেনি।

এক যুগের বেশি সময় পর প্রীতির সঙ্গে সম্পর্ক নিয়ে ব্রেট লি বলেন, ‘আপনাদের জন্য খবর হলো আমি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি জিনতা তখন পাঞ্জাব দলের মালিক ছিলেন। তিনি তখন যেমন আমার ভালো বন্ধু ছিলেন, এখনো তেমনই আছেন। তিনি দারুণ বুদ্ধিমতী একজন মানুষ, তাঁকে আমি সম্মান করি।’

গুঞ্জন নিয়ে কখনো বিরক্ত হয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে লি বলেন, ‘এ ধরনের গুঞ্জনে আমি বিরক্ত হই না। আমি তো সত্যটা জানতাম। মানুষ নানা রকম অনুমান করতেই পারে, কিন্তু আমি কখনো সেগুলোকে আমার ওপর প্রভাব ফেলতে দিইনি।’

শুধু লি নন, প্রীতি জিনতাও এর আগে কয়েকবার এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। ২০১০ সালে এক্স পোস্টে বিরক্তি প্রকাশ করে প্রীতি লিখেছিলেন, ‘আমাকে আমার দলের খেলোয়াড়দের সঙ্গে জড়িয়ে গুঞ্জন ছড়ানো বন্ধ করুন। আমি অবিবাহিত। আমার দলের কোনো ক্রিকেটার কিংবা অন্য কোনো ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে নেই। যেদিন সম্পর্কে জড়াব, সবাই জানতে পারবেন।’

ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করলেও ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন তিনি। প্রীতি জিনতা ২০১৬ সালে জিন গুডএনাফকে বিয়ে করেন। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ৭৬ টেস্ট আর ৩১০ ওয়ানডে খেলা ব্রেট লি ২০১৫ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। প্রীতি জিনতা এখনো আইপিএলে পাঞ্জাব কিংসের সহমালিক হিসেবে সক্রিয়; দলটির ম্যাচে গ্যালারিতেও তাঁকে নিয়মিত দেখা যায়।