স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের নির্মাতারা এখন থেকে ডিজনির সিনেমা ও টিভি অনুষ্ঠানের চরিত্র ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবেন। এই লক্ষ্যে বুধবার ওয়াল্ট ডিজনি ও টিকটকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উল্লেখ্য, এটিই প্রথমবার যখন টিকটক কোনো মূলধারার গণমাধ্যমের সঙ্গে এমন চুক্তি করল।
দুই প্রতিষ্ঠানের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় বাছাই করা কিছু ভিডিও টিকটকের পাশাপাশি ডিজনির স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসেও প্রচার করা হবে। ডিজনি প্লাসে এই ভিডিওগুলো ‘ভার্টস’ নামক একটি নতুন ট্যাবের অধীনে প্রদর্শিত হবে। মূলত মোবাইল ফোনের ছোট ও উল্লম্ব পর্দায় ভিডিও দেখতে অভ্যস্ত তরুণ দর্শকদের আকৃষ্ট করতেই এই উদ্যোগ। এর মাধ্যমে প্রথমবারের মতো টিকটকের ভিডিও অন্য কোনো প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে।
চুক্তি অনুযায়ী, টিকটকের ক্রিয়েটররা পিক্সার, মার্ভেল, স্টার ওয়ার্স ও এফএক্স ব্র্যান্ডসহ ডিজনির শত শত চলচ্চিত্র ও সিরিজের বিভিন্ন উপাদান ব্যবহার করতে পারবেন।
দুই প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে এই কর্মসূচি চালু হবে এবং পরবর্তীতে অন্যান্য দেশে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে চুক্তির আর্থিক পরিমাণ প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রে লম্বালম্বি ভিডিও ফরম্যাটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে এখন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোও একে গুরুত্ব দিচ্ছে। কমকাস্টের মালিকানাধীন পিকক ও প্যারামাউন্ট প্লাস ইতিমধ্যে উল্লম্ব পর্দায় ভিডিও চালু করেছে এবং নেটফ্লিক্সও টিকটক ধাঁচের স্বল্পদৈর্ঘ্য ভিডিও ক্লিপস সেবা শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, টিকটকের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে ডিজনি প্লাসে নতুন ধরনের কনটেন্ট যুক্ত হবে, যা এই স্ট্রিমিং সেবায় আরও বেশি দর্শক টানতে সক্ষম হবে।
টিকটকের তথ্য অনুযায়ী, গত বছর প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ৬৫ লাখ চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান-সংশ্লিষ্ট পোস্ট শেয়ার করেছেন। এক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক দর্শক টিকটকে কনটেন্ট দেখার পর সংশ্লিষ্ট সিনেমা বা টিভি অনুষ্ঠান দেখেছেন।
ডিজনির প্রধান বিপণন ও ব্র্যান্ড কর্মকর্তা আসাদ আয়াজ বলেন, “গল্প বলা আর সেই গল্পকে ঘিরে ভক্তদের সৃজনশীল প্রকাশ—এই দুইয়ের মধ্যে নতুন সংযোগ তৈরি করবে এই অংশীদারত্ব। কেননা, ভালো গল্পকারের শুরুটা হয় মূলত ভক্ত হিসেবে।”
এই সহযোগিতার ফলে ডিজনি গল্প তৈরি করবে এবং সেই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে টিকটকের নির্মাতারা নতুনভাবে সৃজনশীল কনটেন্ট তৈরি করবেন, যা গল্প বলা ও ভক্তদের সৃজনশীলতার মধ্যে এক নতুন সেতুবন্ধ গড়ে তুলবে।