স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তাঁর মতে, যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তারা মূলত ফ্যাসিবাদেরই পথ প্রশস্ত করছে। তাই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় তিনি সতর্ক করে বলেন, “জুলাই কারও একার নয়, এটি পুরো বাংলাদেশের মানুষের। বিনা কারণে বা অন্যায্য অজুহাতে যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তবে তার সুযোগ নেবে স্বৈরাচারের অনুসারীরা। তারা আমাদের বিভক্তি দেখতে চায়। তাই সবাইকে সজাগ থাকতে হবে।”

গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির অবদান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে বিএনপি নেতৃত্ব দিয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে অগণিত মানুষ গুম ও শহিদ হয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।”

বর্তমান সরকারের পরিস্থিতি নিয়ে তিনি জানান, সাড়ে পাঁচ মাস আগে নতুন সরকার একটি বিধ্বস্ত অর্থনীতির দায়িত্ব গ্রহণ করেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী দৃঢ়প্রতিজ্ঞ।

জুলাই যোদ্ধাদের সহায়তার বিষয়ে স্থানীয় এই সংসদ সদস্য প্রতিশ্রুতি দিয়ে বলেন, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কার্ডধারী প্রত্যেক জুলাই যোদ্ধার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং তাদের কর্মসংস্থানে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক।

জাতীয় সংগীত ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জেলার ১২টি উপজেলার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য প্রদান করেন এবং সংবর্ধনা স্মারক গ্রহণ করেন। এর আগে সকালে টাঙ্গাইল জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।