গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর আটা বোঝাই একটি ট্রাক উল্টে সুরাইয়া বেগম (২৬) নামের পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মালেঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া বেগম সদর উপজেলার নিজড়া গ্রামের মিনাপাড়ার শামীম খান ওরফে তামিমের স্ত্রী। তারা মালেঙ্গা এলাকায় একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে গোপালগঞ্জের দিকে আসা আটা বোঝাই ট্রাকটি মালেঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি টিনশেড ঘরের ওপর উল্টে পড়ে। ঘটনার সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা সুরাইয়া ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটার বস্তা ও ট্রাক সরিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।"