গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৫৪ শিশুর মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের আজ বুধবার প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৮৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৫৯ জন উপসর্গে আক্রান্ত হয়েছেন।
মৃত শিশুদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং দুইজনের মৃত্যু হয়েছে সিলেটে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৫৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সামগ্রিক তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৯০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১৬ হাজার ৬৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে মোট আক্রান্ত শিশুর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৬০ জন।
এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।