রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই শুরু হয়েছে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক বিশেষ কনসার্ট। জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় দিবস (৫ আগস্ট) উদযাপনের লক্ষ্যে আজ বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংশ্লিষ্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স।
অনুষ্ঠানের সূচি অনুযায়ী, বেলা ৩টা ৫৫ মিনিটে জাতীয় সংগীত বাজানো হয়। এরপর বিকেল ৪টা ২০ মিনিটে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ ও তাঁর দলের গান পরিবেশনের মাধ্যমে কনসার্টের আনুষ্ঠানিক সূচনা হয়।
কনসার্টের মঞ্চের সামনের অংশে আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, ব্যারিকেডের পেছনে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক তরুণ। বৃষ্টির মধ্যেও কেউ ছাতা নিয়ে, আবার কেউ বৃষ্টিতে ভিজেই গানের আসর উপভোগ করছেন। সময়ের সাথে সাথে সেখানে জনসমাগম আরও বাড়ছে।
এই কনসার্টে গান পরিবেশন করার কথা রয়েছে শিরোনামহীন, আর্ক (হাসান), আর্টসেল, আর্বোভাইরাস ও এভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ডের পাশাপাশি পারসা, সেজান, কুঁড়েঘর ও আসিফ আকবরের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।