ভ্রমণের সময় হোটেলের ওয়াই-ফাই ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্কে অনুপ্রবেশ করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে নতুন ধরনের সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। জানা গেছে, ভুয়া পপ-আপ বার্তার মাধ্যমে স্মার্টফোন ও ল্যাপটপের মতো ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করিয়ে এই তথ্য চুরি করা হচ্ছে।

মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের প্রকাশিত তথ্যানুযায়ী, ‘ক্যাপটিভক্রাঞ্চ’ নামে পরিচিত এই হ্যাকিং অভিযানের পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে। গত মে মাস থেকে হোটেল ও হসপিটালিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্কে ব্যাপক অনুপ্রবেশের ঘটনা পর্যবেক্ষণ করেছে মাইক্রোসফট।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, হোটেলের ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার পর অনেক ব্যবহারকারীর সামনে ভুয়া পপ-আপ বার্তা প্রদর্শিত হচ্ছে। এসব বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোডে প্রলুব্ধ করা হয়। একবার ডিভাইসে এই সফটওয়্যার প্রবেশ করলে হ্যাকাররা পর্দার স্ক্রিনশট সংগ্রহ, কিবোর্ডে টাইপ করা তথ্যের নজরদারি এবং দূর থেকেই যন্ত্রটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়ে যায়।

মাইক্রোসফটের সতর্কবার্তা অনুযায়ী, হোটেলের ওয়াই-ফাই ব্যবহারের সময় হঠাৎ কোনো পপ-আপ বার্তা দেখা গেলে সাবধান হতে হবে। এই বার্তাগুলো অনেক সময় উইন্ডোজ বা অন্য কোনো সফটওয়্যারের আপডেট সংক্রান্ত তথ্যের মতো দেখায়। তবে ওয়াই-ফাইয়ে সংযুক্ত হওয়ার পরপরই অপ্রত্যাশিতভাবে এমন বার্তা দেখা গেলে সেটিতে ক্লিক না করাই নিরাপদ, কারণ এটি হ্যাকারদের পাতা তথ্য চুরির ফাঁদ হতে পারে। এ ধরনের সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে ভ্রমণের সময় সম্ভব হলে মোবাইল হটস্পট ব্যবহারের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।