প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ আগস্ট) পুলিশ তাকে বগুড়া সদর আমলী আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলা কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি পোস্টটি মুছে ফেলে দুঃখ প্রকাশ করলেও এর আগেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে এনসিপি থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এই ঘটনায় বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, "গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়।" আরও বলা হয়, পোস্টটি ছড়িয়ে পড়ার ফলে বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে "প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।"

এর আগে মঙ্গলবার ভোরে ঢাকা থেকে অভিযান চালিয়ে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে তাকে বগুড়ায় নিয়ে আসা হয়। বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে সামনে সংবাদ সম্মেলন করা হবে।